ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী

অনলাইন ডেস্ক
৩০ মিনিট আগে
পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী
চব্বিশের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পলায়নের পরেও পতিত সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এই সমাবেশের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা পালিয়ে গেছেন।
 
পালিয়ে যাওয়ার পরও তার হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছেন, এখনো তা-ই করছেন।

দেশের বিভিন্ন স্থানে নাশকতার চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে।
 
বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের পার্থক্য।

রিজভী বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না।
 
দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।





কমেন্ট বক্স