সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দির পূজার জন্য খুলে দেওয়া হয়। রাতে পূজা-অর্চনা শেষে মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের লোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এ আয়োজন।
আয়োজকদের আশা, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এবার ১০ সহস্রাধিক পুণ্যার্থীর সমাগম হবে। তবে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিন ধরে ঝড়-বৃষ্টি হওয়ায় এবার বাণিজ্যিক মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক আয়োজন রাখা হয়নি। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পুণ্যস্নানের মধ্যেই উৎসব সীমাবদ্ধ রাখা হয়েছে।
রোববার সকাল থেকে মোংলা ও সুন্দরবনসংলগ্ন বিভিন্ন বন অফিস থেকে অনুমতিপত্র নিয়ে ট্রলারে করে পুণ্যার্থীরা আলোরকোলে আসতে শুরু করেন। সোমবারও তাদের আগমন অব্যাহত ছিল। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ক্ষুদ্র ব্যবসায়ীরা কুটিরশিল্প ও শামুক-ঝিনুকের তৈরি সামগ্রীর পসরা সাজিয়েছেন।
প্রতিমাশিল্পী সুধাংশু মণ্ডল জানান, ২০০৮ সাল থেকে প্রতিবছর তারা রাস উৎসবের প্রতিমা তৈরি করছেন। এবার রাধাকৃষ্ণের প্রতিমা তৈরিতে ১৬ দিন সময় লেগেছে।
রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, “বৈরী আবহাওয়ার কারণে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও পুণ্যার্থীদের ধর্মীয় আবেগ ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে সীমিত পরিসরে উৎসব আয়োজন করা হয়েছে।”
এদিকে, পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্টগার্ডের জাহাজ, বিশেষ টহল দল ও ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারিও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ১৯২৩ সালে সাধু হরিভজনের মাধ্যমে দুবলার চরের আলোরকোলে রাস উৎসবের প্রচলন হয়। শত বছরের ঐতিহ্য ধরে প্রতিবছর এখানে দেশ-বিদেশের পুণ্যার্থীদের মিলনমেলা বসে।