অবৈধ যানবাহন চলাচলে সয়লাব হয়ে পড়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলা। একের পর এক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণের পাশাপাশি প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। বেপরোয়া চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। দিন দিন এসব অবৈধ যানের সংখ্যা বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।
উপজেলায় অবৈধ যানবাহন, দুর্ঘটনা এবং আহত ও নিহতের সঠিক কোনো পরিসংখ্যান সরকারি বা বেসরকারি কোনো সংস্থার কাছে পাওয়া যায়নি। সরেজমিন ঘুরে দেখা গেছে, অবৈধ যানবাহনের মধ্যে ট্রলি, নসিমন, করিমন, ব্যাটারিচালিত অটোভ্যান, ইজিবাইক, আলমসাধু, ভটভটি, বক্স গাড়ি, থ্রি-হুইলার ও পাঁচ চাকার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে সড়কে।
বাসচালক রাজু, মাহেন্দ্রচালক ওসমান ও নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সড়কে চলাচলকারী অধিকাংশ মোটরসাইকেল, বাস, ট্রাক, সিএনজি, মাহেন্দ্র, মিনিট্রাক ও পিকআপের কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
দীর্ঘ তথ্যানুসন্ধানে গত কয়েক বছরে শরণখোলায় বেশ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২৬ সালের ৪ জুন সকালে ছুটুখার বাজার এলাকায় গাছবোঝাই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন রাজাপুর এলাকার বাসিন্দা সুজন মোল্লা (৩৮)। ৭ অক্টোবর দুপুরে ধানসাগর বেড়িবাঁধের ওপর পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও ধানসাগর এলাকার খোকন মৃধার ছেলে অরিত্র মৃধা (১৩)। এ ছাড়া ৯ আগস্ট সকালে রায়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় হামিম পরিবহনের চাপায় নিহত হন সাউথখালী এলাকার ভ্যানচালক হানিফ ব্যাপারী (৭০)।
এর আগে ২০২৫ সালের ১৫ জুলাই বিকেলে রায়েন্দা বাসস্ট্যান্ডে বিএম লাইন পরিবহনের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী পথচারী নিহত হন। ১৯ ডিসেম্বর দুপুরে চালরায়েন্দা এলাকায় নামাজে যাওয়ার পথে পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান চালিতাবুনিয়া এলাকার বাদল মুন্সি (৫৫)। ২৬ সেপ্টেম্বর সকালে বানিয়াখালী এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন আইনজীবী ও আকন্দপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক রিয়াদুল ইসলাম (৪৫)।
২০২৪ সালের ২ জানুয়ারি সকালে পল্লীমঙ্গল এলাকায় লোকাল বাসের ধাক্কায় মারা যান মাতৃভাষা ডিগ্রি কলেজের অফিস সহকারী ও খাউলিয়া এলাকার রেজাউল ইসলাম (৫৯)। ৭ জুলাই বাংলাবাজার সড়ক কেজি স্কুলের সামনে ইজিবাইকের চাপায় নিহত হন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সুলতান খাঁন (৭০), যিনি ভাগনে ফারুক হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এর আগে নলবুনিয়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মঠেরপাড় এলাকার হারুন হাওলাদার মিন্টু (৪৫) এবং ২০২১ সালের ৩ জুলাই লাকুড়তলা এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সোনাতলা এলাকার ভ্যানযাত্রী ফারুক আকন (৫০) নিহত হন।
দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন উত্তর রাজাপুরের হাসেম আকন, হাসান ফরাজী, রশিদ মুন্সী, রাজৈরের আব্দুল্লাহ আল নোমান, রায়েন্দার মিরাজুল ইসলাম, গোলবুনিয়ার হেমায়েত উদ্দিন আকন ও তাফালবাড়ির আবু হানিফ। চিকিৎসা নিয়েও তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
সড়ক পরিবহন ও চালক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত তরুণ সমাজসেবক ও যুবদল নেতা আবুল বাশার খাঁন জানান, অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচলে সাম্প্রতিক সময়ে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ জন নিহত ও শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।
উপজেলার বান্দাঘাটা থেকে পাঁচরাস্তা হয়ে রায়েন্দা ফেরিঘাট পর্যন্ত ব্যস্ততম সড়কের দুই পাশে যত্রতত্র গাড়ি থামিয়ে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি তাফালবাড়ী, বাংলাবাজার, রাজাপুর, রাজৈর, আমড়াগাছিয়া, পহলানবাড়ী, খোন্তাকাটা, তালতলী ও তিনরাস্তা এলাকায় একই চিত্র দেখা গেছে। ধুলাবালু ও যানজটে শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দা খোকন হাওলাদার বলেন, “যানজটের কারণে মাঝেমধ্যে গাড়িগুলো আমার বাড়ির গেটের ভেতরে ঢুকে পড়ে। এমন বেপরোয়া গতিতে গাড়ি চলে যে মনে হয় ঘরবাড়ি ভেঙে নিয়ে যাবে।” আরেক বাসিন্দা আবু জাফর জানান, যত্রতত্র পার্কিংয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীরা।
ভুক্তভোগী কমলা বেগম বলেন, “প্রতিদিন সন্তানকে নিয়ে খাঁদা এলাকা থেকে রায়েন্দা বাজারে যাতায়াত করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছি। এক দুর্ঘটনায় আমার ছেলের হাতের আঙুল কেটে ফেলতে হয়েছে।” জাফর শিকদার জানান, গত পরশুও মিশুকের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে আহত হন। পথচারী বাদশা আকন অভিযোগ করেন, অসুস্থ নাতিকে কোলে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় গাড়ি আটকে থাকায় পথ খুঁজে পাওয়া যায় না।
যাত্রী শাহিনুর বেগম, মুন্নি ও আয়েশা আক্তার জানান, রায়েন্দা বাজারে গাড়ি থেকে নামা বা ওঠার সময় একসঙ্গে চার-পাঁচজন চালক এসে ঘিরে ধরেন, যা অত্যন্ত বিব্রতকর।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাঁচরাস্তা এলাকার বাসিন্দা বেল্লাল হোসেন মিলন বলেন, “এই সড়কটি লক্ষাধিক মানুষের উপজেলা শহরে প্রবেশের মূল পথ। এর পাশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, থানা ও শপিং মল রয়েছে। অপ্রাপ্তবয়স্ক চালক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তারা উপজেলা ও জেলা শহরে গাড়ি চালাচ্ছেন। মাহেন্দ্রচালক ওসমান জানান, কাগজ না থাকায় মাঝেমধ্যে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়। ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক শহিদুল হাওলাদার জানান, একসময় স্ট্যান্ড থেকে পুলিশ ও রাজনৈতিক নেতারা চাঁদা নিতেন। ট্রলিচালক মেহেদী হাসান, পাঁচ চাকার গাড়িচালক নয়ন হাওলাদার ও ইজিবাইকচালক শাহিন হাওলাদার জানান, কাগজপত্র না থাকলেও মহাসড়কসহ সব জায়গায় গাড়ি চালাতে তাদের কোনো বাধার মুখে পড়তে হয় না। অপ্রাপ্তবয়স্ক অটোভ্যানচালক আরিফ (১২) জানায়, পেটের দায়ে সে ভ্যান চালায়।
অনুসন্ধান ও সংশ্লিষ্টদের তথ্যমতে, উপজেলাজুড়ে এ ধরনের প্রায় ২০ হাজার অবৈধ যানবাহন চলাচল করছে। এদিকে খোকন হাওলাদার, মনির, রুবেল, সোহেল, লিমন ও রুমনসহ একাধিক ব্যবসায়ী পহলানবাড়ী, রাজাপুর, আমড়াগাছিয়া, রায়েন্দা ও তাফালবাড়ী বাজারে বৈধ অনুমোদন ছাড়াই ব্যাটারিচালিত যানবাহন তৈরির কারখানা গড়ে তুলেছেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নান্না মিয়া হাওলাদার বলেন, “চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার প্রায় দুই লাখ মানুষের জন্য এসব অবৈধ যান এখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। শব্দদূষণ ও ধুলাবালুতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা, বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সাবেক অধ্যক্ষ ও বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবুল বলেন, “রায়েন্দা সদর পাঁচরাস্তা মোড়ের যানজট এখন ঢাকার গুলিস্তানের মতো। চেম্বারে যাওয়ার ২ মিনিটের পথে সময় লাগে ২০ মিনিট। প্রশাসনের উদাসীনতায় অপ্রাপ্তবয়স্ক চালক ও অবৈধ যানের দৌরাত্ম্য বেড়েছে।”
এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাগেরহাটের নির্ধারিত মুঠোফোন নম্বরে (০১৫৫০০৫১৬৫৩) একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোয়ান ইফতেকার বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। এখন থেকে অবৈধ যানবাহন ও কারখানার বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”