চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্য শূকরের আক্রমণে দুই কৃষক আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর মাঠে ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—গোপালপুর গ্রামের মো. এরফানের ছেলে মো. সেলিম (৪৫) ও সাহাপাড়া গ্রামের শ্রী ভঞ্জনের ছেলে শ্রী টুটুল (১৮)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই দুজন গোপালপুর মাঠে ঘাস কাটার সময় হঠাৎ একটি বন্য শূকর তাঁদের ওপর আক্রমণ করে। এতে তাঁরা গুরুতর আহত হন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করেন এবং বন্য শূকরটিকে পিটিয়ে হত্যা করেন।
আহত দুজনই বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।