ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভারতে বসবাসরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে সৈয়দ মোজাম্মেল আলী আরো দাবি করেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশত্যাগের পর এবারই প্রথম দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করলেন শেখ হাসিনা। এর আগে চলতি মাসের শুরুতে তিনি নতুন পাসপোর্ট ও বাতিল হয়ে যাওয়া অন্যান্য নথিপত্র পুনরায় ইস্যু করার জন্য আবেদন করেন। তার এই আবেদন এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের তৎপরতাকে কেন্দ্র করে সম্প্রতি দেশে সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ করা হলে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

তবে এর আগে রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এছাড়া তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো বা এ সংক্রান্ত কোনো বিষয়ে ভারত সরকারের সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

উল্লেখ্য, জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।





কমেন্ট বক্স