ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে ১৬২ কোটি ডলার সহায়তা ভারতের, ৮ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
৩৬ মিনিট আগে
নেপালকে ১৬২ কোটি ডলার সহায়তা ভারতের, ৮ চুক্তি
নেপালের বন্যা-পরবর্তী পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ১৬১ কোটি ৬২ লাখ মার্কিন ডলার (১৫ হাজার কোটি ভারতীয় রুপি) অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে ভারত। এ ছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে আটটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দ্বিপাক্ষিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, নেপালের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপির একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি রুপি।

মোদি বলেন, এই সহায়তা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, জনবসতি পুনর্বাসন এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের পাশে দাঁড়াতে কাজে লাগবে।

তিনি আরও বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী দেশ নয়, বরং দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বের গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের আশা-আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জও অনেকটা একই রকম। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই এই সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, নেপালের জনগণ তাঁকে যে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

এদিকে বৈঠকে ভারতের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো অটল এবং মহাসাগরের মতো বিশাল। দুই দেশের বন্ধন এতটাই গভীর যে তা ভাষায় প্রকাশ করা কঠিন।

প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে ভারতের সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংহতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। এ সময় প্রধানমন্ত্রী মোদিকে নেপাল সফরের আমন্ত্রণও জানান শাহ।

বৈঠকে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া দুই নেতা যৌথভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্পের উদ্বোধন করেন এবং নতুন কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বিভিন্ন সময়ে সীমান্ত বিরোধ ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে নেপালে চীনের প্রভাব ও বিনিয়োগ বেড়েছে। দেশটিতে বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে বেইজিং।

তবে স্থলবেষ্টিত নেপাল জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য এখনো ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। একই সঙ্গে দুই দেশের জ্বালানি সহযোগিতাও বাড়ছে। বর্তমানে নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে ভারত।

সূত্র: এনডিটিভি





কমেন্ট বক্স