ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
৭ মিনিট আগে
পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

ওই খবরের পর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে জরুন আঞ্চলিক সড়কে অবস্থান নেন। দুপুর পৌনে ১২টার দিকে তারা ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করেন।

এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। অবরোধের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ’ গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ‘টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।





কমেন্ট বক্স