ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে পরিবেশ ধ্বংসকারী অবৈধ একটি ইটভাটায় উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি
২৩ মিনিট আগে
কমলনগরে পরিবেশ ধ্বংসকারী অবৈধ একটি ইটভাটায় উচ্ছেদ অভিযান
পরিবেশ সংরক্ষণ, বায়ুদূষণ রোধ এবং অবৈধ কার্যক্রম কঠোর হাতে দমনের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলায় সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) এরই ধারাবাহিকতায় কমলনগর উপজেলার চর মার্টিন এলাকায় অভিযান চালিয়ে একটি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা ও একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনকারী ইটভাটার ড্রাম চিমনি ভেঙে ফেলার পাশাপাশি পানি ছিটিয়ে এবং সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে সেটির কার্যক্রম চিরতরে বন্ধের ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজকের অভিযানে কমলনগর উপজেলার চর মার্টিন এলাকায় অবস্থিত ‘মেসার্স বারাকা ব্রিকস্‌’ নামক অবৈধ ইটভাটায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাটি পরিচালিত হয়ে আসছিল বলে জানা গেছে।

অভিযান চলাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভাটার মূল কাঠামো ও ক্ষতিকর উপাদান-ড্রাম চিমনি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার অন্যান্য স্থাপনা পানি ছিটিয়ে ও ভেঙে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়া ইট প্রস্তুতের জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইটও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। একই অভিযানে পরিবেশ ও বনায়ন বিনষ্টকারী একটি অবৈধ করাতকলও উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা। অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, অবৈধ ইটভাটার মালিকরা যত প্রভাবশালীই হোন না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা এবং আইনের শাসন বজায় রাখতে সমগ্র লক্ষ্মীপুর জেলায় এই ধরনের অভিযান পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।





কমেন্ট বক্স