ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসে ৮ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি

উপজেলা প্রতিনিধি
৫২ মিনিট আগে
১০ মাসে ৮ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি
দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি।

বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৫৪ কিলোমিটার। এ বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির সদস্যরা চলতি বছরের প্রথম ১০ মাসে ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৮কোটি ২৩ লক্ষ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়। 

এসময়ে মাদকসহ অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে ২টি আগ্নেয়াস্ত্র, ৩রাউন্ড গুলি, ১৯টি ককটেল, ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন, ২২৬ কেজি বিড়ির পাতা, ১৬৩ কেজি বিড়ির মসলা ও ৫,২৯৭ প্যাকেট বিড়ি উল্লেখযোগ্য। 

আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৮৯বোতল ফেন্সিডিল, ৫হাজার ৩৫বোতল বিভিন্ন নেশাজাতীয় সিরাপ ৩হাজার ৫০পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশী মদ, ১হাজার ৯৬০কেজি হেরোইন ও ১৬১পিস ইয়াবা ট্যাবলেট।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সার পাচারের মতো অপতৎপরতা রোধকল্পে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার, সীমান্ত এলাকায় ড্রোন ও সার্চ লাইট ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশি, পাচারকারী চক্রের সদস্যদের শনাক্তকরণে বিশেষ গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ, অন্যান্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে তথ্যের আদান প্রদান ও সমন্বয় সাধনের মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ।





কমেন্ট বক্স