ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও ইউএই

অনলাইন ডেস্ক
৫০ মিনিট আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও ইউএই
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় ফোরামেও দুই দেশের সহযোগিতা জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

আবুধাবিতে ইউএইয়ের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় ইউএই দূতাবাসের প্রচারিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইউএইয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বহুপক্ষীয় উদ্যোগে সহযোগিতা সম্প্রসারণ এবং অভিন্ন আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ নিয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন তাঁরা। দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুদৃঢ় করার উপায় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও গুরুত্ব পায়।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে এ সহযোগিতা বিস্তৃত।





কমেন্ট বক্স