মাঠের পারফরম্যান্স নয়, চুলের রং বদলে এবার আলোচনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার। গ্রেমিওর বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে চুলে প্লাটিনাম স্বর্ণালি রং করেছিলেন তিনি। তবে ম্যাচে সান্তোসের ২-০ গোলের পরাজয়ের পর এই সাজসজ্জাকে অতিরিক্ত আত্মবিশ্বাস ও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার বহিঃপ্রকাশ বলে সমালোচনা করেন অনেকে। এমন মন্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেছেন, যারা চুলের রঙের সঙ্গে মাঠের পারফরম্যান্সের সম্পর্ক খোঁজেন, তারা ফুটবল বোঝেন না।
সোমবার (২৩ নভেম্বর) ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগের ৩৬তম রাউন্ডে মোরুম্বিস স্টেডিয়ামে গ্রেমিওর মুখোমুখি হয় সান্তোস। ম্যাচের আগে নেইমারের সঙ্গে গ্যাবিগোল, ফিলিপে কুতিনিও, আর্থার, এভারটন সেবোলিনিয়া, গ্যাব্রিয়েল বোনতেম্পো ও রদিনেই চুলের রং বদলান। ফলে শুরুর একাদশের সাতজনই নতুন সাজে মাঠে নামেন।
ম্যাচের শুরুতে প্রতিপক্ষের খেলোয়াড় কার্লোস ভিনিসিয়ুসের মাথার ওপর দিয়ে বল নেওয়ার কৌশল ‘রেইনবো ফ্লিক’ প্রয়োগের চেষ্টা করেন নেইমার। তবে সফল হননি। পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলারদের এমন সাজসজ্জা নিয়ে সমালোচনা শুরু হয়। সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন সান্তোস অধিনায়ক।
জবাবে নেইমার বলেন, যারা এমন কথা বলেন, তারা ফুটবলের কিছুই বোঝেন না। ফুটবলারদের প্রতিদিনের পরিশ্রম, চিন্তাভাবনা ও নিজেদের কাছে তাদের প্রত্যাশা সম্পর্কে সমালোচকদের ধারণা নেই বলেও মন্তব্য করেন তিনি। নেইমারের ভাষ্য, চুলের রং হলুদ, গোলাপি কিংবা সবুজ—যাই হোক না কেন, তিনি প্রতিটি ম্যাচেই ভালো খেলার চেষ্টা করবেন।
গ্রেমিওর বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলেও স্বীকার করেন নেইমার। তবে ম্যাচের ফল তাঁর প্রত্যাশার বিপরীত হয়েছে। ১৩তম মিনিটে ফ্রান্সিস আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও। পরে ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন মার্টিন ব্রাথওয়েট।
পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন নেইমার। তাঁর মতে, ম্যাচের বেশির ভাগ সময় সান্তোসের নিয়ন্ত্রণ থাকলেও গ্রেমিওর জমাট রক্ষণ ভাঙতে পারেনি দলটি। প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশলকে দুটি বাস দাঁড় করিয়ে রাখার সঙ্গে তুলনা করেন তিনি।
এই হারে আগামী বছরের কোপা লিবার্তাদোরেসে খেলার সুযোগ পাওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছে সান্তোস। ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান নবম। ষষ্ঠ স্থানে থাকা বাহিয়ার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে জয়ের পর ৪১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে গ্রেমিও।
লিগে সান্তোসের আর দুটি ম্যাচ বাকি। আগামী ২৯ নভেম্বর ভিতোরিয়া এবং ২ ডিসেম্বর বোতাফোগোর মুখোমুখি হবে নেইমারের দল।