ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে জানুয়ারি পর্যন্ত যুদ্ধের বাজেট রয়েছে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১০ ঘন্টা আগে
ইরানে জানুয়ারি পর্যন্ত যুদ্ধের বাজেট রয়েছে ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন যুদ্ধের খরচ আগামী জানুয়ারি মাস পর্যন্ত চালানোর মতো তহবিল রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সতর্ক করে তিনি বলেছেন, বিরোধী দল এমন পদক্ষেপ নিয়ে তা একটি ‘সম্পূর্ণ জয়’-কে ‘পরাজয়ে’ পরিণত করবে। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার হাতে থাকা বিকল্প সীমিত হয়ে আসতে পারে বলে স্বীকার করলেও, বিরোধী দল এই সংঘাতকে অকালেই থামিয়ে দেবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ট্রাম্প বলেন, “তারা (ডেমোক্র্যাটরা) একটি সম্পূর্ণ জয়কে পরাজয়ে পরিণত করবে। মানে, তারা যদি এটা করে, দেখুন- ওদের (ইরানের) নৌবাহিনী শেষ, বিমানবাহিনী শেষ, বিমান-বিধ্বংসী ব্যবস্থা- সবকিছুই শেষ। ওদের নেতারাও শেষ। আমি বলতে চাচ্ছি, (ডেমোক্র্যাটরা) যদি এটা করে, তাহলে তারা কেবল একটি জয়কে পরাজয়ে পরিণত করবে।”

তিনি যোগ করেন, “আমি জানি না  রাজনৈতিকভাবে তারা কীভাবে এটা করতে পারে, কারণ আমরা জয়ের পথে আছি। আমরা চাইলে যেকোনো সময় এই যুদ্ধের ইতি টানতে পারি।”

স্বাধীনভাবে হামলা চালানোর সময়সীমা সংকুচিত হয়ে আসছে কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তারা একটি জয়কে পরাজয়ে পরিণত করবে। কারণ, তেমনটাই ঘটবে- হ্যাঁ, তবে জানুয়ারির শেষ পর্যন্ত, মোটামুটিভাবে আপনারা জানেন, আমাদের তহবিল রয়েছে।”

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছিলেন এবং প্রাথমিকভাবে চার সপ্তাহ চলতে পারে বলে ধারণা দিয়েছিলেন। পরবর্তীতে তেহরানের সেঙ্গ স্থবির আলোচনার পর এপ্রিলে একটি যুদ্ধবিরতি এবং জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা কয়েক সপ্তাহ পর ইরান বাণিজ্যিক জাহাজে হামলা চালালে ভেঙে পড়ে। 

ট্রাম্প বলেন, “ইরান যুদ্ধ ১৯৭৯ সালে শুরু হয়েছিল। আমি এটি শুরু করিনি, তবে আমিই একমাত্র প্রেসিডেন্ট যে এটি মোকাবিলা করতে এগিয়ে এসেছি।”

যুদ্ধ শেষ করতে ইসরায়েল ইরানের সম্পূর্ণ শাসনব্যবস্থার পরিবর্তন চায়। তবে ট্রাম্প চলতি মাসে জানান, যুদ্ধ ‘কার্যত শেষ’, কিন্তু পারমাণবিক চুক্তিতে বাধ্য করার জন্য তিনি ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রাখতে চান। 

ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্রের অবসান ঘটানোর যে লক্ষ্য ইসরায়েলের রয়েছে, তা ‘সম্ভবত অর্জনযোগ্য’, কিন্তু এটি তার লক্ষ্য নয়। 

তিনি বলেন, “আমি শুধু চাই না তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আমি কখনোই শাসনব্যবস্থার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না, এটি আমার কাছে কখনোই কোনো মানদণ্ড ছিল না।” 

ইরানের একটি স্কুলে বিমান হামলায় কয়েক ডজন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হওয়ার ঘটনায় তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে বলে এই সপ্তাহে ঘোষণা দিয়েছে, সে বিষয়েও কথা বলেন ট্রাম্প। 

ট্রাম্প এর জবাবে বলেন, “বেশ, তারা যেসব মানুষকে হত্যা করেছে আমি তাদের জন্য ক্ষতিপূরণ চাই, যা অনেক বেশি। কারণ প্রথমত, তারা গত ৭ মাসে ৭৫ হাজার বিক্ষোভকারীদের হত্যা করেছে। তাছাড়া তারা বছরের পর বছর ধরে আমাদের মানুষদের হত্যা করেছে।”

তিনি যোগ করেন, “ইউএসএস কোল হামলাসহ তারা শত শত আমেরিকানকে হত্যা করেছে। তাই তারা যদি ক্ষতিপূরণের খেলা খেলতে চায়, তাহলে আমরা জিতব।”

ট্রাম্প আরো বলেন, “এই যুদ্ধ ১৯৭৯ সালে শুরু হয়েছিল। আমি এটি শুরু করিনি, তবে আমিই একমাত্র প্রেসিডেন্ট যে এটি মোকাবিলা করতে এগিয়ে এসেছি। কিন্তু এই যুদ্ধ ১৯৭৯ সালে শুরু করেছিল। এটি অনেক দীর্ঘ সময়।”

তথ্যসূত্র: দ্য নিউ ইয়র্ক পোস্ট  





কমেন্ট বক্স