ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ শর্তে অনড় ইরান

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
৭ শর্তে অনড় ইরান
সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। একইসঙ্গে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব দিতে তেহরান প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পার্লামেন্টের অধিবেশনে তিনি এ অবস্থানের কথা জানান।

গালিবাফ বলেন, নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। যুক্তরাষ্ট্রের হুমকি, অপমান ও অব্যাহত অর্থনৈতিক চাপকে দুর্বলতার লক্ষণ উল্লেখ করে তিনি বলেন, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত তেহরান। প্রতিপক্ষ ভুল হিসাব করলে যুদ্ধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, যুদ্ধের ক্ষতি শুধু ইরানকে বহন করতে হবে না। শত্রুপক্ষকে সহযোগিতাকারীদেরও এর মূল্য দিতে হবে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণে আগুন লাগার দাবি করেছে ইরানের নৌবাহিনী। তাদের অভিযোগ, জাহাজ দুটি পরিচয় শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। নিরাপদে চলাচলের জন্য ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করার আহ্বান জানিয়েছে নৌবাহিনী।

এ ছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বিকল্প দক্ষিণ নৌপথে চলাচলকারী জাহাজগুলোকে সহায়তার অভিযোগে ২৬টি টাগবোট কালো তালিকাভুক্ত করেছে ইরানের গালফ ওয়াটারওয়ে ম্যানেজমেন্ট অথরিটি।





কমেন্ট বক্স