দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ গুরুতর অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। বুধবার (২৫ নভেম্বর) তাকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা জটিল বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অভিনেতার অসুস্থতার খবর নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। একই সঙ্গে তিনি মামুনুর রশীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মামুনুর রশীদের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।
এর আগে গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েছিলেন মামুনুর রশীদ। পরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল তাকে। সুস্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তিনি। দীর্ঘদিন পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এই অভিনেতা।
দেশে ফেরার পর আবারও অভিনয়ে সক্রিয় হন মামুনুর রশীদ। সম্প্রতি নেপাল সফরে গিয়ে দেশটির একটি স্থানীয় মঞ্চনাটকের নির্দেশনাও দেন তিনি।
মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই রয়েছে মামুনুর রশীদের দীর্ঘ পথচলা। পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় ও নাট্যনির্দেশনার সঙ্গে যুক্ত তিনি। দেশের নাট্যাঙ্গনে তার অবদান বিশেষভাবে স্বীকৃত। নাট্যকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।