অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই গোপালগঞ্জে ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীন দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই।
গোপালগঞ্জকে দেশের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টার অভিযোগ তুলে এর সঙ্গে জড়িতদের দেশদ্রোহী বলেও আখ্যা দিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।
সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা বা ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করতে চান না। তবে সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। একটি স্বাধীন দেশের ভেতরে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা করা হয়েছে। আইন ও সংবিধানের দৃষ্টিতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতরা দেশদ্রোহী। দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার আইনি বা নাগরিক অধিকার কারও নেই।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরও তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলার সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তার দেশে ফেরা উচিত ছিল।
‘তিনি আসেননি—এর মানে হচ্ছে, তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান’—মন্তব্য করে জামায়াত আমির বলেন, এখন তার কোনো বক্তব্য বিশ্বাস করার সুযোগ নেই।
গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা হামলা ও লুটপাটের ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, খুনের নেশা এখনো কাটেনি, ফ্যাসিবাদী চরিত্রেও পরিবর্তন আসেনি। নির্যাতনে অতিষ্ঠ হয়ে যুবসমাজ ও সাধারণ মানুষই তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৃহত্তর জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমাল রক্ষায় প্রয়োজন হলে একসঙ্গে কাজ করার পক্ষে মত দিয়েছেন তিনি।
তবে জাতীয় ঐক্যকে সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না রেখে টেকসই করার আহ্বান জানান জামায়াত আমির। সংসদে ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তাকে তিনি সম্মান করেন বলেও উল্লেখ করেন।
ঐক্যে ফাটলের কারণ হিসেবে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন ডা. শফিকুর রহমান।
এর আগে গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।