মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার মতে, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকতে পারে না।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়েছে। ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন।
যুক্তিতর্কে আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, কাউকে হত্যা করা, ক্রসফায়ারে দেওয়া কিংবা জোর করে গুম করা যায়।
চিফ প্রসিকিউটর বলেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণে এ ধরনের ব্যক্তিরা সরকারি পদে থেকে নৃশংস অপরাধ করেছেন। তারা ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছিলেন। দিনের পর দিন এসব অপরাধ চলেছে। মানুষের জানমাল তাদের হাতে জিম্মি ছিল। ইচ্ছা করলেই কাউকে তুলে নিয়ে যেতে পারতেন তারা। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে থেকেও তারা রক্ষকের বদলে ভক্ষকের ভূমিকা নিয়েছিলেন।
জিয়াউল আহসানকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় মন্তব্য করে আমিনুল ইসলাম বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না।
চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের মানুষকে শুধু ক্যান্টনমেন্ট নয়, পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের বক্তব্যে এসেছে, তিনি ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন। পরবর্তী তদন্তে এ বিষয়ে আরও তথ্য উঠে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘পারসোনা নন গ্রাটা’ মন্তব্যের ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন তিনি। শুধু ক্যান্টনমেন্টে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।