ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নতুন শুল্কের নিশানায় বাংলাদেশসহ ১৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মিনিট আগে
ট্রাম্পের নতুন শুল্কের নিশানায় বাংলাদেশসহ ১৬ দেশ
বাংলাদেশ, ভারত ও চীনসহ ১৬টি দেশের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে এসব দেশের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)। তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এ তদন্ত পরিচালিত হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে নতুন করে আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করার পর নতুন এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তদন্তের আওতায় থাকা ১৬টি বাণিজ্য অংশীদার হলো—বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় রয়টার্স/ইপসোসের এক জরিপে ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের পক্ষে মত দিয়েছেন। তবে ট্রাম্প প্রশাসন দেশভেদে আলাদা শুল্কহার নির্ধারণের পথে এগোচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম। আগের বাণিজ্য চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ শুল্কের সর্বোচ্চ সীমা বহাল থাকতে পারে।

সাবেক বাণিজ্য কর্মকর্তাদের ধারণা, বিদ্যমান ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শ্রমবিরোধী শুল্কের পাশাপাশি অতিরিক্ত শিল্প সক্ষমতা থাকা দেশগুলোর ওপর আরও ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। ট্রাম্প প্রশাসন চীনকে অতিরিক্ত শিল্প সক্ষমতার প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছে।

শুল্ক এড়াতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগের বিষয়টিও ওয়াশিংটনের নজরে রয়েছে। আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া বাণিজ্য বিরতি বাড়ানো হলে চীনা পণ্যে ২০ শতাংশ শুল্কসীমা বহাল থাকতে পারে। অন্যথায় শুল্ক আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুই দেশ ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়েও কাজ করছে।





কমেন্ট বক্স