ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে নতুন জীবন দিতে নিজের কিডনি দিলেন স্ত্রী

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
স্বামীকে নতুন জীবন দিতে নিজের কিডনি দিলেন স্ত্রী
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগতে থাকা সহকারী শিক্ষক সুদাম পালকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করেছেন স্ত্রী ও প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। ভারতের নয়াদিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সময় সকাল ১০টার দিকে এই অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা জটিল এই প্রক্রিয়া শেষে ওই দিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলতার কথা জানান। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ত্রী-স্বামী দুজনেই প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত। সুদাম পাল বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। অন্যদিকে, মন্দিরা রানী পাল একই উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে দাম্পত্য জীবনে আবদ্ধ হন এই দম্পতি; তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পালের কিডনি রোগ ধরা পড়ার পর থেকেই পরিবারে অনিশ্চয়তা ও উদ্বেগ নেমে আসে। দেশ ও ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর একপর্যায়ে চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু উপযুক্ত দাতা না মেলায় দুশ্চিন্তা আরও বাড়ে। এমন পরিস্থিতিতে স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেন মন্দিরা রানী।

স্বামীর প্রতি ভালোবাসা ও উদ্বেগ থেকেই মন্দিরা সে সময় বলেছিলেন, তাঁর স্বামীই যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তবে তাঁর বেঁচে থাকার অর্থ কী।

আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা শেষে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা ও প্রস্তুতি শুরু হয়। হাসপাতালের ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও পরবর্তী ফলোআপ চলছে।

স্ত্রীর এই আত্মত্যাগকে দৃষ্টান্তমূলক উল্লেখ করে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, ভালোবাসা ও ত্যাগের এমন নজির সমাজে বিরল; এই সফল অস্ত্রোপচারের খবরে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।





কমেন্ট বক্স