ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতেই শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার

অনলাইন ডেস্ক
২৩ মিনিট আগে
জানুয়ারিতেই শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
আগামী বছরের জানুয়ারি মাস থেকেই শিশুদের জন্য নির্ধারিত স্কুল ড্রেস (পোশাক), জুতা ও ব্যাগ সরবরাহ করবে সরকার। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ’ অনুষ্ঠানে এ কথা জানান নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পোশাকের বৈষম্য দূর করে সবার জন্য অভিন্ন স্কুল ড্রেস নিশ্চিত করা গেলে শিশুদের মধ্যে শুরু থেকেই সমতার মানসিকতা গড়ে উঠবে।

অতীতের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত সরকার শিশুদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিলেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে সেগুলো সফল হয়নি। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে এই সুবিধা শিশুদের কাছে পৌঁছে দেবে।

শিক্ষাব্যবস্থায় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রী আরও বলেন, প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই পাঠ্যক্রমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার বিষয়ে জোর দিতে হবে।

অনুষ্ঠানে বক্তারা একমত হন যে, শৈশব থেকেই শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া গেলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন অনেকাংশে কমে আসবে।





কমেন্ট বক্স