রাশিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের দাবি, হামলায় পাঁচটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) পূর্বে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। এছাড়া রাশিয়ার সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারেও হামলা চালানোর দাবি করেছে কিয়েভ।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, এসব হামলার মাধ্যমে রাশিয়ার সামরিক সক্ষমতা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, হামলায় রাশিয়ার তিনটি মিগ-৩১ এবং দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যাচাই করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সামনে আরও ভালো খবর আসতে পারে।’ কী ধরনের অস্ত্র ব্যবহার করে বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইউক্রেন। এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।
রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিটি কয়েক বছর ধরেই ইউক্রেনের টার্গেটে রয়েছে। এই ঘাঁটিতে এমন কিছু যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ব্যবহার করে রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা নিক্ষেপ করে।
বিশেষ করে মিগ-৩১ যুদ্ধবিমান উড্ডয়ন করলেই ইউক্রেনজুড়ে প্রায়ই সতর্কতা জারি করা হয়। এসব যুদ্ধবিমান থেকে কিনঝাল ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রগুলো বড় অবকাঠামো ও সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম। এগুলো প্রতিহত করাও বেশ কঠিন।
এদিকে রাশিয়ার সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারেও হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। সম্মুখযুদ্ধের অবস্থান থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরে অবস্থিত এই অঞ্চলটি। রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা কমিয়ে দিতে দূরপাল্লার হামলার ধারাবাহিকতায় এ আক্রমণ চালানো হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আপনারা কি সেগুলো মেরামত করেছেন? আমরা আবারও হামলা চালাব।’
সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ জানিয়েছেন, রাতের হামলা ছিল ‘সত্যিকারের এক দুর্যোগ’। এ সময় ১৪৫টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ইউক্রেন আরও জানিয়েছে, বর্তমানে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডে একটি রাডার ব্যবস্থা এবং জ্বালানি ও রসদ সরবরাহের কয়েকটি গুদামে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের হামলার পর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার লিবিয়ার
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘জ্বালানি ছাড়া সামরিক যান চলতে পারে না, গোলাবারুদ ছাড়া কামান নীরব হয়ে যায়।’ প্রতিটি সফল হামলার অর্থ হলো, মস্কোর পক্ষে হামলা চালানোর সক্ষমতা কমে যাওয়া।
ইউক্রেন বর্তমানে অস্ত্র উৎপাদনে শক্তিশালী শিল্পভিত্তি গড়ে তুলেছে। ২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে সম্মুখযুদ্ধের এলাকা থেকে অনেক দূরে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেনের হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, ‘গুরুতর ক্ষতির’ মুখে না পড়েই রাশিয়া নিজেদের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, কিয়েভের হামলার জবাব মস্কো ‘অবশ্যম্ভাবীভাবে’ দেবে।
অন্যদিকে ইউক্রেনেও প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত ২৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় ১০ জন নিহত হয়েছেন। জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলার পর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন হাজার হাজার মানুষ।