লক্ষ্মীপুরের কমলনগরে দিদার খোন্দকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল, দলিলের তথ্য গোপন, কারসাজি ও হয়রানিমূলক মামলার একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ঝাড়-ফুঁক ও তাবিজ-তুমারের মাধ্যমে খোন্দকারি পেশার আড়ালে প্রভাব খাটিয়ে তিনি জমি-সংক্রান্ত নানা বিরোধ ও অনিয়মে জড়িয়ে পড়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, ১৯৭৩ সালের ২৩জুলাইয়ের ৯৬১০ নম্বর দলিল এবং ২০১২ সালের ২৯ এপ্রিলের ১৮৬৮ নম্বর দলিলের মালিকানা নিয়ে অসংগতি রয়েছে। অভিযোগকারীদের দাবি, যাচাইয়ে দেখা গেছে ৯৬১০ নম্বর দলিলটি আশরাফুন নেছা (স্বামী আব্দুল হাসিম) এবং ১৮৬৮ নম্বর দলিলটি মোহাম্মদ আজাদ উদ্দিনের (পিতা মৃত আব্দুল অদুদ) নামে রয়েছে। এ ছাড়া ১৯৩৪ সালের ৩১মে তারিখের ১৮৩ নম্বর দলিল নিজের বলে দাবি করলেও প্রকৃতপক্ষে সেটি এছাক মিয়ার (পিতা কেরামত আলী) নামে রয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। ৯১/২০১৮ নম্বর দেওয়ানি মামলাকে কেন্দ্র করে কথিত ভুয়া খাস আমমোক্তারনামা তৈরির অভিযোগও উঠেছে।
তারা বলছেন, ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য মেজর আব্দুল মান্নানের পরিবারের ২৭জন মিলে শফিক উল্লাহ ওরফে বাংলা নেতাকে একটি আমমোক্তারনামা দেন, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। মূল দলিলের বাইরে কীভাবে কথিত খাস আমমোক্তারনামা তৈরি হলো এ নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, মূল দলিলে চর কাদিরা মৌজার দিয়ারা ৪৩১ খতিয়ানের ২৬২০ ও ২৬২৭ নম্বর দাগ থাকলেও কথিত খাস আমমোক্তারনামায় ২৬১৯ নম্বর দাগ যুক্ত করা হয়েছে। এ ঘটনা ঘিরে সাধারণ মানুষকে হয়রানি করতে একাধিক মামলা করা হয়েছে বলেও দাবি করেছেন এলাকাবাসী।
জমির মালিক মোস্তফা মিয়া অভিযোগ করেন, চর কাদিরা মৌজার আরএস ৯৮১ খতিয়ানের ৬২৮৩ দাগে তার ৪১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। আমমোক্তারনামা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে দলিল যাচাই ও প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. বাহার, মো. ইসরাফিল ও মো. ছিদ্দিক ব্যাপারী।
বসতভিটা ও পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগও করেছেন কয়েকজন। মোহাম্মদ ইসমাইলের দাবি, তার স্ত্রী নুর জাহান বেগমের নামে দক্ষিণ চর কাদিরা মৌজার আরএস ১৪৩৯ খতিয়ানের ৮৭২ নম্বর দাগে ৪০ শতাংশ জমি রেকর্ডভুক্ত থাকলেও ওই জমির অংশে দিদার খোন্দকারের বসতভিটা রয়েছে। অন্যদিকে ফখরুল ইসলামের দাবি, তার চাচি মুরশিদা খাতুনের নামে আরএস ৯২৫ খতিয়ানের ৮৭৯ নম্বর দাগে ১ একর ৫৩ শতাংশ জমি দখল করে জামিয়া মাদানিয়া মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় আবুল কাসেমের অভিযোগ, জমি নিয়ে বিরোধের সময় নোয়াখালী থেকে সইমোহুরি সংগ্রহ করে তারা দেখেন মূল নথিতে টুকা মিয়ার (পিতা আমিরউদ্দিন হাওলাদার) নাম রয়েছে, অথচ উপস্থাপিত নথিতে পিতার নাম লেখা ছিল সৈয়দ উদ্দিন। বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়া এবং বৈঠকে নথি উপস্থাপনের পর তাদের আটকে রাখার অভিযোগও করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন আর রশিদ বলেন, দিদার খোন্দকারের বিরুদ্ধে জমি দখল ও কাগজপত্রের কারসাজির বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে দিদার খোন্দকার বলেন, সকল সম্পত্তি আমার ক্রয়করা । মানুষ আমাকে নিয়ে ঝামেলা করে কেন, তা আমি বুঝতে পারি না।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স