ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তিতে তৎপর বিজিবি

জেলা প্রতিনিধি
৩ ঘন্টা আগে
সুনামগঞ্জ সীমান্তে কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তিতে তৎপর বিজিবি
সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও সীমান্ত অপরাধ ঠেকাতে  নজরদারি বাড়িয়েছে বিজিবি। ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও নাইট ভিশন প্রযুক্তির মাধ্যমে চলছে সীমান্ত পর্যবেক্ষণ। পাশাপাশি নিরাপত্তা কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও।

সুনামগঞ্জের জিগাতলা সীমান্ত এলাকায় সরেজমিনে দেখা গেছে, সীমান্ত পাহারায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিন-রাত নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎচালিত সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট। দুর্গম নদী, হাওর ও পাহাড়ি এলাকায়ও চলছে বিশেষ নজরদারি।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যাটালিয়নের ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।

অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান, অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছে বিজিবি। ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোন। এসব কার্যক্রম সেন্ট্রাল মনিটরিং সেলের মাধ্যমে তদারকি করা হচ্ছে।

সীমান্তবর্তী জনগণকে সচেতন করতে নিয়মিত সভা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। স্থানীয়দের তথ্য ও সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

ডিসেম্বর ঘিরে সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন নিয়ে নানা আলোচনার মধ্যে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





কমেন্ট বক্স