গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে কিংবা স্বজনদের কাছে টাকা পাঠাতে না পেরে অনেকেই ফিরে যাচ্ছেন এজেন্টের দোকান থেকে। এতে একদিকে যেমন দৈনন্দিন প্রয়োজন মেটাতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, অন্যদিকে আয় কমে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষুদ্র উদ্যোক্তারাও।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্টের দোকানে গিয়ে এমন চিত্র দেখা যায়। অনেক গ্রাহক মোবাইলে লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ পড়েছেন বেশি বিপাকে।
শহরের ফুটপাতের চা বিক্রেতা আরিফুল বলেন, "আমি শহরে রাস্তায় চা বিক্রি করে সংসার চালাই। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে টাকা পাঠাতে গিয়ে দেখি আমার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। এখন টাকা তুলতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছি। বীজ কেনার জন্য প্রায় সাত হাজার টাকা প্রয়োজন। এত টাকা কীভাবে জোগাড় করব বুঝতে পারছি না। সময়মতো বীজ কিনতে ও বীজতলা তৈরি করতে না পারলে ধানের চারা রোপণে দেরি হবে। এতে আমাদের আর্থিক ক্ষতি হবে।"
দুর্গাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পবিত্র বিশ্বাস জানান, তাঁর ছেলে ঢাকায় থেকে পড়াশোনা ও জীবনযাপন করছে। রাতে ফোন করে ছেলে মেসের খাবারের বিল পরিশোধের জন্য টাকা চায়। সকালে টাকা পাঠাতে গিয়ে মোবাইল মেসেজ দেখি। "স্যার/ম্যাডাম, 'এমএফএস' বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।" পরে ঢাকাগামী একটি বাসের সুপারভাইজারের কাছে অনুরোধ করে ১০০ টাকা অতিরিক্ত দিয়ে ছেলের কাছে দুই হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করি।
ক্ষোভ প্রকাশ করে পবিত্র হাজরা আরও বলেন, "আমরা সাধারণ মানুষ। আমাদের তো প্রতিদিনের প্রয়োজনেই টাকা লেনদেন করতে হয়। ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বাইরে থাকে, তাদের খরচ পাঠাতে হয়। এভাবে সব লেনদেন বন্ধ থাকলে আমরা চলব কীভাবে? যারা কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচির সঙ্গে জড়িত নন, তাঁদেরও এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয়।"
এদিকে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্ট ব্যবসায়ীরাও। বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা বলেন, "আজ সারাদিনে ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক আসছেন কম। ফলে আমাদের আয়-রোজগারও কমে গেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও লেনদেনের সমস্যা হচ্ছে। যাদের বড় অঙ্কের লেনদেন রয়েছে, মূলত তাদের অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বলে জানতে পেরেছি।"
সাধারণ গ্রাহকদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং এখন শুধু টাকা পাঠানো বা তোলার মাধ্যম নয়; বরং গ্রাম ও শহরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। ফলে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সীমিত আয়ের মানুষ। এ অবস্থায় সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
রকেট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, "রকেট অ্যাকাউন্ট বন্ধ রাখার সরকারি বা অফিশিয়ালি কোনো সিদ্ধান্ত পাইনি। তবে আমরা অ্যাকাউন্ট বন্ধ হবার অভিযোগ পেয়েছি। গ্রাহকদের আমরা কাস্টমার কেয়ারে আসতে বলেছি। কী সমস্যা তৈরি হয়েছে তা খতিয়ে দেখার জন্য।"
বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, "কোনো এজেন্ট নম্বর বন্ধ হয়নি। তবে গোপালগঞ্জের এনআইডি কার্ড দিয়ে যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে সেসব অধিকাংশ অ্যাকাউন্টে এ ধরনের সমস্যা হয়েছে। তবে আমাদের ধারণা যেসব অ্যাকাউন্টে বেশি লেনদেন হয়েছে সেসব অ্যাকাউন্ট নজরদারিতে রাখার জন্য সরকার হয়তোবা এই সিদ্ধান্ত নিয়েছে।"
এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে কেউই ফোন রিসিভ করেননি।
কমেন্ট বক্স