ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি পার হতে গিয়ে ট্যাংকারে মাইন বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
৩ ঘন্টা আগে
হরমুজ প্রণালি পার হতে গিয়ে ট্যাংকারে মাইন বিস্ফোরণ
ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টার সময় ওমানের উপকূলে দুটি তেল ট্যাংকারে সামুদ্রিক মাইনের বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার ওমানের খাসাব বন্দরের উত্তরে এ ঘটনা ঘটে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির একটি ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহন করছিল।

এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, বৃহস্পতিবার দুবাই থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্যাংকারের কাছে অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে বিস্ফোরণ ঘটে।

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো এ অঞ্চলে জাহাজের ওপর হামলা বা বিস্ফোরণের ঘটনাকে প্রায়ই অজ্ঞাত বস্তুর আঘাত হিসেবে উল্লেখ করে। এসব সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে আইআরজিসির দাবির সব সময় মিল পাওয়া যায় না।

ইরান দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে, সামুদ্রিক মাইনসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকির কারণে তেহরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না।

বৃহস্পতিবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি এবং ইরানকে রক্ষার লক্ষ্যে হরমুজ প্রণালি বন্ধ রাখতে বাহিনী ভারী গোলাবর্ষণ চালাচ্ছে।

একই দিন আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই দাবি করেন, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে। তাঁর ভাষ্য, এ জলপথে নিরাপদে চলাচল ইরানের বৈধ সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর নির্ভরশীল।

এদিকে মার্কিন নৌবাহিনীর সহায়তা এবং উপসাগরীয় অঞ্চলের ট্যাংকার পরিচালকদের বাড়তি ঝুঁকি নেওয়ার প্রবণতায় কৌশলগত এ জলপথ দিয়ে তেল পরিবহন কিছুটা স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে গত অক্টোবর থেকে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে নতুন আক্রমণাত্মক কৌশল প্রয়োগ করছে ইরান। এতে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।

সূত্র: রয়টার্স ও এএফপি





কমেন্ট বক্স