আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জনতার অধিকার পার্টি (পিআরপি) আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তিনি এ ঘোষণা দেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় জনতার অধিকার পার্টির মহাসচিব আব্দুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন এবং বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি আবুল কাশেম রাজু খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, দীর্ঘ ১৭ বছর যাঁরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন না করে রাজনৈতিক সুবিধাবাদীদের সামনে আনার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাঁরা অতীতে ক্ষমতাসীনদের রাজনৈতিক সুবিধাভোগী ছিলেন, তাঁরা নতুন পরিচয়ে রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নিলে গণতান্ত্রিক আন্দোলনের অর্জন প্রশ্নবিদ্ধ হবে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ তৈরি করার চেষ্টা করছে বলে আমরা উদ্বিগ্ন। রাজনৈতিক পরিচয় পরিবর্তন করলেই অতীত কর্মকাণ্ড মুছে যায় না। রাজনৈতিক নেতৃত্বকে ব্যক্তির অতীত, রাজনৈতিক ভূমিকা ও কর্মকাণ্ড যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।
শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা কোথায় থাকবেন, কীভাবে থাকবেন কিংবা কীভাবে যাতায়াত করবেন, তার দায়ভার বাংলাদেশের জনগণ বা বর্তমান সরকারের কেন নিতে হবে? এসব দায়িত্ব তাঁর রাজনৈতিক দল, নীতিনির্ধারক ও রাজনৈতিক সহযোগীদেরই নেওয়া উচিত।
তিনি আরও বলেন, যাঁরা নিজেদের বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচয় দেন, তাঁদের কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আপস করছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ রয়েছে। আমরা যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক জবাবদিহির প্রশ্নে আপস করব না।
তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জনতার অধিকার পার্টি গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দলের নেতা-কর্মীরা নানা সময়ে মামলা, হামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। সেই ত্যাগকে উপেক্ষা করে রাজনৈতিক সুবিধাবাদীদের পুনর্বাসন করা হলে আমরা প্রতিবাদ করব।
তিনি বলেন, রাজনীতি কোনো পুনর্বাসনকেন্দ্র নয়, আর ত্যাগী নেতা-কর্মীরা কোনো ব্যবহারের উপকরণ নন। রাজনৈতিক প্রতিহিংসা নয়, জবাবদিহি চাই; সুবিধাবাদ নয়, ত্যাগের মূল্যায়ন চাই। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনতার অধিকার পার্টির আন্দোলন অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, গণতান্ত্রিক আন্দোলনের শক্তি, জনগণের অধিকার এবং রাজনৈতিক ন্যায়বিচারের পক্ষে চলমান সংগ্রামে শেষ পর্যন্ত জনগণের বিজয় হবে।