ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন বৈশ্বিক উদ্যোগ চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন বৈশ্বিক উদ্যোগ চায় বাংলাদেশ
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সাক্ষাৎকালে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য আইওএমকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন ও মেধাভিত্তিক অংশীদারত্ব জোরদার নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ। এ ছাড়া ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’, দেশে ফিরে আসা অভিবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সমস্যা মোকাবিলা ও জলবায়ু অভিযোজনে সহায়তার বিষয়েও আলোচনা হয়।

আইওএমের বাংলাদেশ মিশনপ্রধান চলতি বছরের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের দেওয়া অঙ্গীকারের প্রশংসা করেন। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনবিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশের প্রথম জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পরিধি আরও বাড়াতে আইওএম প্রস্তুত রয়েছে বলে জানান ড. লরা টম বন্ড। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর সংস্থাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।





কমেন্ট বক্স