ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা
ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই কারখানার পক্ষ থেকে করা মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চার পোশাকশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাতে কারখানার প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. নুরুল আমিন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত শ্রমিকরা এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেডে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় কারখানার কর্মীদের মারধর করা হয়। পরে প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীরা চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। কারখানা কর্তৃপক্ষ তাদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই পোশাক শ্রমিক বলে নিশ্চিত হওয়া গেছে।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় অনধিকার প্রবেশের অভিযোগ করা হয়েছে। এছাড়া, কারখানার স্টাফদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম, ভাঙচুর, ক্ষতিসাধন, চুরি এবং হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এজাহারে কারখানার ৮২ লাখ টাকার মালামাল ভাঙচুর এবং ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এদিকে, নতুন নিম্নতম মজুরি ঘোষণার পরও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে শিল্পাঞ্চলের সাতটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে সাতটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা ২২টি কারখানা আজও বন্ধ আছে। তবে, শিল্পাঞ্চলের অন্যান্য সচল কারখানার অধিকাংশে স্বাভাবিক কার্যক্রম চলছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের ওই কর্মকর্তা।





কমেন্ট বক্স