ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরত না দিলে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের

অনলাইন ডেস্ক
১০ মিনিট আগে
হাসিনাকে ফেরত না দিলে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাকিস্তান সফরে গিয়ে দেশটির রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তাঁর বক্তব্য পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

স্পিকার বলেন, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কারাদণ্ড ভোগ করতে হবে।

তবে আগামী ১০ বছরের মধ্যে তাঁর দেশে ফেরার সম্ভাবনা খুবই কম বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ।

ভারতের বিরুদ্ধে গত ১৫ বছর বাংলাদেশকে শোষণ এবং উপনিবেশের মতো আচরণ করার অভিযোগও করেন তিনি।

এ সময় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার বিষয়ে সরকারের অবস্থানের কথাও উল্লেখ করেন স্পিকার।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে ২৩ নভেম্বর দেশটিতে যান হাফিজ উদ্দিন আহমদ।

বাংলাদেশের কোনো সংসদ স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর।

সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দুই দেশের সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদলের বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হয়েছে।





কমেন্ট বক্স