সাংবাদিকতা ও ব্যক্তিগত বন্ধুত্বকে আলাদা রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন প্রয়াত সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। তিনি ছিলেন স্পষ্টভাষী ও আপসহীন।
তার মৃত্যুতে দেশের গণমাধ্যমে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুত্ব ও পেশাগত সম্পর্কের স্মৃতিচারণা করে অর্থমন্ত্রী বলেন, তাদের মধ্যে অত্যন্ত খোলামেলা ও সৎ সম্পর্ক ছিল। অনেক বিষয়ে মতপার্থক্য হতো।
তৌফিক নিজের মত জোরালোভাবে প্রকাশ করতেন। তবে তাদের আলোচনায় কখনো কোনো কৌশল বা লুকোচুরি ছিল না।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকা সত্ত্বেও তাকে খুশি করার জন্য তৌফিক কখনো পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ করেননি। এমনকি তাকে, তার দল বা দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে প্রকাশিত সংবাদ নিয়েও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে। কিন্তু তৌফিক সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিতে অটল ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, তৌফিক বিশ্বাস করতেন, সাংবাদিকতা ও ব্যক্তিগত বন্ধুত্ব একসঙ্গে চলতে পারে না। একজন প্রকৃত পেশাদার সাংবাদিকের আদর্শ হওয়া উচিত এটাই।
তৌফিক ইমরোজ খালিদীর পেশাগত জীবনের নানা দিক তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, তিনি প্রচলিত সামাজিক আনুষ্ঠানিকতা ও জনসংযোগ এড়িয়ে চলতেন। নিজেকে সব সময় সাংবাদিকতার পরিসরের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। লন্ডনে বিবিসিতে কর্মরত থাকার সময় বুশ হাউসসহ বিবিসির বিভিন্ন দপ্তরে তাদের নিয়মিত আড্ডা ও আলোচনা হতো।
জীবনের শেষ দিনগুলোতে বিনিয়োগসংক্রান্ত জটিলতা ও মানসিক চাপের কারণে তৌফিক অনেকটা নিভৃতচারী ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, তৌফিক ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী ও আপসহীন মানুষ। নিজের সুবিধার জন্য কোনো বিষয়ে তিনি কখনো আপস করেননি। লন্ডনে তার আকস্মিক চলে যাওয়া ব্যক্তিগতভাবে তার জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অনলাইন সাংবাদিকতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে তৌফিক ইমরোজ খালিদী যে নতুন ধারার সূচনা করেছিলেন, প্রতিষ্ঠানটি আগামী দিনেও সেই ধারা অব্যাহত রাখবে।
বক্তব্যের শেষে তৌফিক ইমরোজ খালিদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে তার সন্তান ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।