ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারীতে দুর্বৃত্তের কোপে হোটেল ম্যানেজার নিহত

অনলাইন ডেস্ক
১৮ মিনিট আগে
ওয়ারীতে দুর্বৃত্তের কোপে হোটেল ম্যানেজার নিহত
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

সকালে ওয়ারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।

পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।





কমেন্ট বক্স