ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকার মঞ্চে গান গাইবেন পপতারকা ওটিলিয়া

বিনোদন ডেস্ক
১০ মিনিট আগে
আজ ঢাকার মঞ্চে গান গাইবেন পপতারকা ওটিলিয়া
‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় এসেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার কনসার্ট। এই আয়োজনে আন্তর্জাতিক পপ সুরের পাশাপাশি দেশীয় সংগীতের ছোঁয়া দিতে মঞ্চে থাকবেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।

‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এ কনসার্টে পারফর্ম করতেই ঢাকায় পা রেখেছেন ওটিলিয়া। বিমানবন্দরে তাকে বরণ করে নেন আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

ঢাকায় পৌঁছেই ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন এই পপতারকা। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’

কনসার্টে পরিবেশনার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফুয়াদ আল মুক্তাদিরও। আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার পরিচিত গান আর ফুয়াদের ব্যান্ডের পরিবেশনায় দর্শকরা দারুণ মুহূর্ত উপভগ করবেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে শুরু হবে কনসার্টটি। আগ্রহীরা অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই থেকে আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন। এর আগে ২০২২ সালেও বাংলাদেশে সফর করেছিলেন ওটিলিয়া।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘বিলিওনেরা’ গানটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন রোমানিয়ান এই গায়িকা। বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতের রেডিওতে গানটি তুমুল জনপ্রিয়তা পায় এবং এসব দেশের চার্টের শীর্ষে জায়গা করে নেয়। সেই থেকেই ‘বিলিওনেরা’ গানটি ওটিলিয়ার বড় পরিচয়ে পরিণত হয়।





কমেন্ট বক্স