ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রুনোকে ছাড়তে চায় ম্যানইউ, গন্তব্য রোনালদোর পুরোনো ক্লাব

স্পোর্টস ডেস্ক
১ ঘন্টা আগে
ব্রুনোকে ছাড়তে চায় ম্যানইউ, গন্তব্য রোনালদোর পুরোনো ক্লাব
ম্যানচেস্টার ইউনাইটেডে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পুরোনো ক্লাব স্পোর্তিং লিসবনে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন না ব্রুনো ফার্নান্দেস। এই পর্তুগিজ ক্লাবের সাথে ব্রুনো এবং তার সাবেক জাতীয় দলের সদস্য ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা যোগসূত্র আছে।

স্পোর্তিং-এ এক সময় খেলতেন ব্রুনো। তাই এই মিডফিল্ডার জানিয়েছেন স্বদেশী এই ক্লাব তার আবেগেরও এক বিশেষ জায়গা। তাই সুযোগ তৈরি হলে আবারও সেই জার্সিতে মাঠে নামতে আপত্তি নেই তার। এই ক্লাব থেকেই রোনালদো ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। এরপরই বিশ্বজুড়ে খ্যাতি পান। ব্রুনোর ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই রকম। 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিংয়ের বিপক্ষে তাদের মাঠেই ২-২ গোলে ড্র করেছে ইউনাইটেড। ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আসেন ব্রুনো। ম্যাচ শেষে পর্তুগিজ সংবাদমাধ্যম স্পোর্ট টিভিকে নিজের সাবেক ক্লাবে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।

ব্রুনো বলেন, ‘দরজাটা কখনোই বন্ধ হয়নি। আগেও বলেছি, স্পোর্তিং আমার হৃদয়ে খুব বিশেষ জায়গা দখল করে আছে, ভবিষ্যতেও থাকবে। সত্যি বলতে, এমন কিছু বাস্তবে ঘটবে কি না, তা অনেকটাই নির্ভর করবে বর্তমান কোচ, সভাপতি এবং আরও অনেকের আগ্রহের ওপর। অবশ্যই আমার নিজের ইচ্ছার ওপরও।’

এরপর ব্রুনো ন৯ইজের সুপ্ত ইচ্ছে কথা জানিয়ে দেন, ‘তবে আমি সেই দরজা বন্ধ করছি না, কখনো করবও না। কারণ এখানে আমি খুব সুখী ছিলাম। অনেক খেলোয়াড় বলেন, “যেখানে একবার সুখী ছিলে, সেখানে আর ফিরে যেয়ো না।” আমি সেই ধারণায় বিশ্বাস করি না। স্পোর্তিংয়ে একবার সুখী হয়েছি, সুযোগ পেলে আবারও হতে পারি।’

২০২০ সালের জানুয়ারিতে প্রায় ৬ কোটি ৮০ লাখ পাউন্ডের চুক্তিতে স্পোর্তিং ছেড়ে ইউনাইটেডে যোগ দেন ব্রুনো। এরপর ওল্ড ট্রাফোর্ডে প্রায় সাত বছর কাটিয়ে জিতেছেন ইউরোপা লিগ, এফএ কাপ ও কারাবাও কাপ। তবে চলতি মৌসুমে দলের পারফরম্যান্স হতাশাজনক। প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে আছে ইউনাইটেড।

ব্রুনোর চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষে শেষ হওয়ার কথা। তবে ইউনাইটেডের হাতে আরও এক বছর চুক্তি বাড়ানোর বিকল্প রয়েছে, যা কার্যকর হলে ২০২৮ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন তিনি। নতুন চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রেখেছেন পর্তুগিজ অধিনায়ক।

এর কারণও পরিষ্কার করেছেন তিনি। ব্রুনোর ভাষায়, ‘আমি এখন ফলাফল নিয়ে বেশি চিন্তিত। ক্লাবকে এমন একটা জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি, যে অবস্থান নিয়ে আমরা গর্ব করতে পারি। এই মুহূর্তে আমরা সেখানে নেই।’

গত সপ্তাহে মাইকেল ক্যারিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোকে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। কিন্তু মাসখানেক আগে সাবেক কোচ ক্যারিকের পরিকল্পনার এবং ক্লাব ম্যানেজমেন্টের সমালোচনা করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। এরপর থেকেই ক্লাব তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে।   





কমেন্ট বক্স