ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন করে জটিল হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ঢাকা। এমন পরিস্থিতিতে হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতও পড়েছে কূটনৈতিক চাপে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ৭৯ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন। তাঁর মুখপাত্রের দাবি, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসেই দেশে ফিরতে চান তিনি।
বাংলাদেশের একটি আদালত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতেই এ বিচার সম্পন্ন হয়।
এ ছাড়া দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, অভ্যুত্থান চলাকালে হাসিনা সরকারের দমন-পীড়ন ও নিরাপত্তা বাহিনীর অভিযানে ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।
বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, তিনি দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে।
অন্যদিকে, হাসিনা চাইছেন বাংলাদেশ সরকার যেন তাঁকে দিল্লি থেকে দেশে ফেরার জন্য বিমান পাঠায়। তা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে অথবা স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা।
হাসিনার সহযোগী আবু ওবায়দা আরিনের দাবি, প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত তিনি। তাঁর ভাষ্য, ভারতের পাঁচটি রাজ্য—পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত পার হওয়ার সম্ভাব্য নয়টি পথও চিহ্নিত করেছেন হাসিনার সমর্থকেরা।
তবে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাঁকে হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।
গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়।
হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রশ্ন
বিশ্লেষকদের ধারণা, ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে হাসিনা শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন না; বরং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এর মাধ্যমে সরকারকে চ্যালেঞ্জ করা এবং অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান বিভক্তিকে কাজে লাগানোর কৌশলও থাকতে পারে।
হাসিনার সহযোগীদের দাবি, নির্বাসনে থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। টেলিগ্রামে অডিও বৈঠকের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন।
আবু ওবায়দা আরিনের দাবি, গত ১৮ মাসে ৩০০টির বেশি বৈঠক করেছেন হাসিনা। দেশের ৬৪ জেলা ও ৩০০ সংসদীয় আসনের নেতা-কর্মীদের সঙ্গে এসব বৈঠকে কথা বলেছেন তিনি। আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে এসব বৈঠক আয়োজন করা হয়। কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলেছে।
আরিনের দাবি, দেশে ফেরার পথে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত ৫০ লাখ মানুষ জড়ো করার সাংগঠনিক সক্ষমতা রয়েছে আওয়ামী লীগের।
তবে দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান বিবেচনায় এ দাবিকে উচ্চাভিলাষী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতা দেশের বাইরে, কারাগারে অথবা আত্মগোপনে রয়েছেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় মূলধারার রাজনীতিতেও তাদের অংশগ্রহণ সীমিত।
রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা
হাসিনার দেশে ফেরার ঘোষণার মধ্যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থকদের সহিংস কর্মকাণ্ডের ঘটনাও ঘটছে। কয়েকটি জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। থানায় হামলা, যানবাহনে আগুন এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়ি ও কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গার ঘটনা ঘটিয়েছেন। সংস্থাটির হিসাবে, চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক।
তবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার সক্ষমতা থাকলেই আওয়ামী লীগের ব্যাপক রাজনৈতিক পুনরুত্থান ঘটেছে, এমনটি মনে করছেন না বিশ্লেষকেরা। তাঁদের ধারণা, হতাশ হয়ে পড়া নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই দেশে ফেরার ঘোষণা দিয়ে থাকতে পারেন হাসিনা।
অন্যদিকে, দলটি আবারও রাজনৈতিক আলোচনায় ফিরে এসেছে। হাসিনার পতনের পর আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। এখন দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে নতুন করে আলোচনা হচ্ছে।
ডেইলি ওয়াদারের সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, জুলাই অভ্যুত্থানের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যের মধ্যে তৈরি হওয়া বিভক্তিকে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ।
তিনি বলেন, জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং গণভোট নিয়ে মতবিরোধের কারণে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দূরত্ব বেড়েছে। আওয়ামী লীগ এই বিভক্তি এবং দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনীর পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে।
ভারতের জন্যও বাড়ছে কূটনৈতিক চাপ
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে দিল্লি। তবে এসব উদ্যোগের পরও সম্পর্কের বরফ গলেনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ১০ মাস পার হলেও ভারতের সফরে যাননি তারেক রহমান। আগস্টে তাঁর ভারত সফরের পরিকল্পনা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নতুন করে বাধার মুখে পড়ে।
লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, হাসিনার সর্বশেষ দেশে ফেরার ঘোষণা পরিস্থিতি বদলে দিয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির পরিবর্তে ঢাকার ওপর পড়েছে।
তাঁর মতে, গত ১০ মাসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত বিভিন্ন উদ্যোগ নিয়েছে। হাইকমিশনার নিয়োগ থেকে শুরু করে নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনার প্রস্তাবও দিয়েছে দিল্লি। কিন্তু এসব উদ্যোগ সফল না হওয়ায় বাংলাদেশের প্রতি ভারতের হতাশা বেড়েছে।
পালিওয়ালের ধারণা, ভারত চাইলে নিজেদের ভূখণ্ডে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া নিয়ন্ত্রণ করতে পারে। তবে দিল্লি এখন পর্যন্ত সে ধরনের পদক্ষেপ নিতে আগ্রহ দেখায়নি।
অন্যদিকে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থের অনুকূলে নয় বলেও মনে করেন এই বিশ্লেষক।
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে বাধা
বাংলাদেশে ভারতের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। শফিকুল আলমের মতে, বাংলাদেশের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে ভারত আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসিত করতে চায়।
তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়াও দুই দেশের মধ্যে আরও কয়েকটি অমীমাংসিত বিষয় রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সুবিধা দিতে পারে এমন ট্রানজিট সুবিধা ভারত নতুন করে চালু করেনি। অন্যদিকে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
তাঁর মতে, এখন পর্যন্ত পর্যটন ও চিকিৎসা ভিসা চালু হলেও বাকি বিষয়গুলো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
ঢাকাভিত্তিক এক পররাষ্ট্রনীতি বিশ্লেষকের মতে, দুই দেশ এখনো পারস্পরিক হতাশার অবস্থায় আটকে আছে। তাঁর ভাষায়, শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় একটি অমীমাংসিত বিষয় হয়ে উঠেছেন। তবে তাঁকে পাশ কাটিয়েও সামনে এগোনোর পথ খুঁজতে হবে।
অবিনাশ পালিওয়ালের মতে, ভারতের জন্য তুলনামূলক কম ক্ষতিকর পরিস্থিতি হতে পারে শেখ হাসিনার দেশে ফিরে নতুন করে বিচারের মুখোমুখি হওয়া এবং আওয়ামী লীগের ভিন্ন নেতৃত্বে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়া।
তবে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা এখনো নিশ্চিত নয়। নাম প্রকাশ না করার শর্তে এক পররাষ্ট্রনীতি বিশ্লেষক জানিয়েছেন, শেষ মুহূর্তে তাঁর দেশে ফেরার পরিকল্পনা আবারও পিছিয়ে যেতে পারে।
এসিএলইডির দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়ার মতে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। কারণ দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তবে তাঁর দেশে ফেরার ঘোষণা সমর্থকদের নতুন করে উজ্জীবিত করেছে।
সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে সৃষ্ট এই পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার পথে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে।