পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বেড়েই চলেছে। সর্বশেষ দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলের সানাম শহরে ন্যাশনাল গার্ডের একটি সামরিক অবস্থানে ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে প্রচারিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ওই দিন ভোরে বিপুলসংখ্যক ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারী সামরিক অবস্থানটিতে আক্রমণ চালায়। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, হামলায় প্রাথমিকভাবে ১৩ সেনাসদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার সময় সেনাসদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এতে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন এবং তাদের রসদ ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
নাইজারের স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে (জিএমটি ৪টা) এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারীরা সানামে ন্যাশনাল গার্ডের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। ওই সময় সেনা অবস্থানে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল। হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়।
সানাম শহরটি নাইজারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলের আবালা বিভাগের অন্তর্গত। মালি সীমান্তসংলগ্ন এ অঞ্চলটি দেশটির অন্যতম অস্থিতিশীল এলাকা। দীর্ঘদিন ধরে এখানে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী প্রায়ই সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও সাধারণ মানুষের ওপর হামলা চালায়।
বিশেষ করে মালি, নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সানাম এলাকাতেও অতীতে একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ হামলার দায় এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।
এদিকে সানামে হামলার মাত্র দুই দিন আগে, গত ২৪ নভেম্বর নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলের বারুয়া এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালায় বোকো হারাম। ওই ঘটনায় ১১ সেনাসদস্য নিহত এবং পাঁচজন আহত হন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাদের পাল্টা হামলায় ২২ জন আক্রমণকারী নিহত হয়েছেন।
পরপর এসব হামলায় নাইজারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট ও আল-কায়েদাসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর তৎপরতা এবং পূর্বাঞ্চলে বোকো হারামের হামলা নিরাপত্তা বাহিনীকে একাধিক ফ্রন্টে লড়াই করতে বাধ্য করছে।
উল্লেখ্য, ২০২৩ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে নাইজার সামরিক জান্তার শাসনে রয়েছে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দেশটি দীর্ঘদিন ধরে জঙ্গিগোষ্ঠীর সহিংসতা মোকাবিলা করছে। বিশেষ করে মালি ও বুরকিনা ফাসোর সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল এবং লেক চাদ অববাহিকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।