ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
৪৭ মিনিট আগে
বিএনপিতে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, “দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া হবে না। দু-একজন মাদক কারবারির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে আমি নস্যাৎ হতে দিতে পারি না।”

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে মো. আসাদুজ্জামান বলেন, “মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চোখ-কান বন্ধ করে কাজ করতে হবে। আপনারা আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করবেন।”

তিনি বলেন, “দু-একজন মাদক কারবারি, চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙিয়ে চলছে। তারা দলের কঠিন সময়ে পাশে থাকবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে এই দু-একজন এখনো গোপনে আঁতাত করছে। আওয়ামী লীগকে তারা গোপনে সেল্টার দিচ্ছে। বিগত ১৭ বছরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই মিলেমিশে ছিল। এ ধরণের কাউকে বিএনপিতে দরকার নেই।”

আইনমন্ত্রী পরে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





কমেন্ট বক্স