ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ

অনলাইন ডেস্ক
৩৮ মিনিট আগে
সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ
মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। এদিন দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে ঢাকা মহানগরীর নির্বাচিত সংসদ সদস্য এবং ঢাকা জেলার সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভা করেছে বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

তিনি বলেন, ১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই ক্ষমতা কুক্ষিগত করতে এই ব্যবস্থা বাতিল করেছে।





কমেন্ট বক্স