ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বেলা পৌনে ২টার দিকে মহাসড়কে রাখা লাব্বাইক পরিবহনের বাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, লোকজনের সাথে কথা বলে এবং প্রাথমিক তদন্তে বাসটিতে নাশকতামূলক আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এক জন দাবি করেছেন, একটি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।