ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, আহত ১০

অনলাইন ডেস্ক
৫৩ মিনিট আগে
দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, আহত ১০
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সাউদের খালপাড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদের খালপাড় ব্রিজ এলাকায় গ্রীন লাইন পরিবহন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বরিশাল এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। পরে বাসটি স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে।

এ সময় ঘর দুটিতে থাকা বাসিন্দারা বিকট শব্দ শুনে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
 
ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে বাসের ধাক্কা ও চাপে বসতঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
 
পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। তাদের তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





কমেন্ট বক্স