দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সরকারি কানাহার পুকুর প্রতি ৩বছরের জন্য লিজ আকারে গ্রহন করেন ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ। সেই লিজকৃত কানাহার পুকুর মুক্তিযোদ্ধা সংসদ অবৈধভাবে সাব-লিজ দিয়েই পুকুর ও পুকুরের পাড়ে থাকা কবরস্থান ধ্বংস করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুুটি কমান্ডার ইছার উদ্দিন বলেন, আমরা প্রায় ১৫বছর ধরে কানাহার পুকুর লিজ আকারে গ্রহন করি। লিজ বাবদ প্রতি ৩বছরের জন্য ৬লক্ষ টাকা সরকারের খাতায় জমা দেই । যেহেতু আমরা পুকুরে নিজেরা মাছ চাষ করতে পারি না এজন্য স্থানীয় শফিকুল ইসলাম বুলু নামে এক ব্যাক্তির কাছে ১৭লক্ষ টাকায় সাব-লিজ দিয়ে থাকি। সেই ১৭লক্ষ টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ও বিশেষ দিন উদযাপনে খরচ করেন বলেও জানান তিনি।
শিবনগর ইউপি‘র ৭নং ওয়ার্ড মেম্বার নুরু হোসেন বলেন, আমরা দির্ঘদিন ধরে শুনে আসছি মুক্তিযোদ্ধারা এই পুকুর লিজ নেয়, তাই আমরা এই পুকুর লিজ নেওয়ার আগ্রহ দেখাই না। তবে ১৫ বছর আগে যে পুকুর আমি দেখেছি সেই পুকুরের পরিধি ও পানি বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। পুকুরের পাড় ভেঙ্গে গেছে। পুকুরের দুই পাড়ে থাকা কবরস্থান গুলো ভেঙ্গে পুকুরে ঢুকতে শুরু করেছে। বর্তমানে জানতে পারলাম মুক্তিযোদ্ধারা পুকুর লিজ নিয়ে স্থানীয় প্রভাবশালী এক ব্যাক্তির কাছে সাব-লিজ দেয়। সাব লিজ নিয়ে সেই ব্যক্তি আবার তার সুবিধা মতো করে মাছ চাষ করেন। যেকারনে পুকুর ও কবরস্থানের এই অবস্থা। যারা নিজে চাষ করতে পারে না তারা পুকুর নেয় কেন? । মুক্তিযোদ্ধাদের দ্বারা এমন অনিয়ম হবে আমি ভাবতেই পারছিনা। অনতিবিলম্বে এই অবৈধ লিজ বাতিলের দাবি জানাচ্ছি। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে কানাহারের কবর গুলো রক্ষার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহন করেন তার দাবিও জানাচ্ছি।
দায়িত্ব প্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মো. আল কামাহ তমাল বলেন, আমার জানা মতে ৬লক্ষ টাকা দিয়ে কানাহার পুকুর ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের নামে লিজ নেওয়া আছে ৩বছরের জন্য। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধারা সেই লিজ নেওয়া পুকুর আবার কাউকে সাব-লিজ দেয় তা আমার জানা নেই । যদি এমনটা হয় এবং তা প্রমানিত হয় তাহলে তাদের লিজ বাতিল হবে।
কমেন্ট বক্স