ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স

অনলাইন ডেস্ক
২০ মিনিট আগে
শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স
বাংলাদেশে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তৈরি পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এর মধ্যে জারা ও এইচঅ্যান্ডএমের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডও রয়েছে। চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন বা ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য এশীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর বড় অংশই গেছে প্রতিবেশী দেশ ভারতে।
 
বার্তা সংস্থা রয়টার্সকে তিনজন পোশাক কারখানার মালিক এ তথ্য জানিয়েছেন। তাদের মতে, নভেম্বরের প্রথম ১৮ দিনে সরিয়ে নেওয়া এসব অর্ডার বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাতের জন্য বড় ধাক্কা। চলমান অস্থিরতা কাটিয়ে ওঠার পরও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
 
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা ক্রমেই কমছে। এসব কারণে আন্তর্জাতিক ক্রেতারা পোশাকের উৎস হিসেবে বিকল্প দেশগুলোর দিকে ঝুঁকছেন। বর্তমানে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে পোশাক খাতে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে।
 
দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। পাশাপাশি দেশের উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল।

অর্ডার সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ভারত। এ ছাড়া সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা বলে জানিয়েছেন শিল্প খাতের নেতারা।

গত বুধবার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। তবে গত চার দশকের মধ্যে এ বৃদ্ধির হার সবচেয়ে কম। শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। ফলে নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও অসন্তোষ কাটেনি। পুলিশের সঙ্গে শ্রমিকদের নতুন করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার অবশ্য নতুন মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন। শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা আরও সংকুচিত হবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো অনেক কম।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তিন কারখানার মালিক রয়টার্সকে বলেন, চলমান অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে ভারত।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স, মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিও।

বিজিএমইএর পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ বাড়ছে।

তিনি বলেন, ‘ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর দাবি জানাচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, ঠিক সেই সময়ে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় আরও বেড়েছে। ’

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ব্র্যান্ডগুলোর নাম উল্লেখ করতে রাজি হননি। তবে তিনি বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে কারখানা মালিকরা।





কমেন্ট বক্স