ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের মরদেহ দেশে ফেরাতে ব্যয়ের অর্ধেক দেবে সরকার

অনলাইন ডেস্ক
১৮ মিনিট আগে
প্রবাসীদের মরদেহ দেশে ফেরাতে ব্যয়ের অর্ধেক দেবে সরকার
বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচের অর্ধেক বহনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ব্যয়ের ৫০ শতাংশ সরকার বহন করার পরিকল্পনা করছে। মন্ত্রিসভার সম্মতি মিললে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও অনিয়মের বিষয়েও সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য ব্যক্তিকে যোগ্য হিসেবে দেখিয়ে পাঠিয়েছে—এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে।
 
প্রবাসীদের চিকিৎসাসেবা সহজ করতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উদ্যোগের কথাও জানান আরিফুল হক চৌধুরী।

এ ছাড়া সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির বিষয়টি তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী। 





কমেন্ট বক্স