ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

অনলাইন ডেস্ক
৯ মিনিট আগে
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
পাঁচ দিনের রিমান্ড শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ড শেষে মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি আট কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী গত ২৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। এর আগে তাকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ বলে জানান।

তবে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে আবার পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।

সিআইডির আবেদনে বলা হয়, ২৬ নভেম্বর রুহুল আমিনকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২৭ নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ-সংক্রান্ত চিকিৎসা সনদের সাত পৃষ্ঠার অনুলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ঘটনার দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। তার সামনেই মামলার ঘটনা ঘটেছিল বলেও জানান তিনি। এ ছাড়া মামলার বিষয়ে আরও কিছু তথ্য দিয়েছেন রুহুল আমিন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
 
আদালতে দাখিল করা আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাদের নাম ও স্থায়ী ঠিকানাসহ অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষ না হওয়ায় রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

পল্টন থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।





কমেন্ট বক্স