স্থানীয় সরকার নির্বাচনে তিনটি পৃথক পরিচয়ে মনোনয়ন জমা দিয়ে আলোচনায় এসেছেন ভারতের রাজস্থানের এক নারী প্রার্থী। কংগ্রেস ও বিজেপির প্রার্থী হিসেবে পৃথক মনোনয়ন দেওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়নপত্র জমা দেন তিনি। শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয় পেয়েছেন ভাটি কুমারী।
প্রতিবেদন অনুযায়ী, প্রথমে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ভাটি কুমারী। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক বিধায়ক ওয়াজিব আলী। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরে মুখ ঢেকে মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন তিনি।
এর কয়েক মিনিট পর পোশাক বদলে সবুজ সালোয়ার-কামিজ পরে আবার মনোনয়ন জমা দিতে যান ভাটি কুমারী। এবার দুপাট্টা দিয়ে মুখ ঢেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিধায়ক জওহর সিং বেধাম।
তৃতীয়বার হলুদ শাড়ি পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। তবে এবার মুখ ঢেকে রাখেননি।
নির্বাচনে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই জয় পান ভাটি কুমারী। তার শ্বশুর অর্জুন প্রধান এর আগে ব্রজনগর পঞ্চায়েত সমিতির প্রধান ছিলেন। নির্বাচনের ব্যবস্থাপনার দায়িত্বও তিনি সামলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, শেষ পর্যন্ত বিজেপিও ভাটি কুমারীকে সমর্থন দেয়। এরপর তাকে বিজয়ী ঘোষণা করে সনদ দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, একটি রাজনৈতিক দলের টিকিটে নির্বাচন করে জয় পাওয়া নিয়ে নিশ্চিত ছিলেন না ভাটি কুমারী। এ কারণেই তিনি কংগ্রেস ও বিজেপির পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দেন।
তবে নির্বাচনী বিধি অনুযায়ী, একজন প্রার্থী একই ওয়ার্ড বা আসনে সর্বোচ্চ চারটি মনোনয়নপত্র জমা দিতে পারেন। কিন্তু একই নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই। প্রার্থীকে একটি দলের মনোনীত অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।