ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার হামলার কবলে মার্কিন বিমানবাহিনী, ঝুঁকিতে ২০০ ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মিনিট আগে
সাইবার হামলার কবলে মার্কিন বিমানবাহিনী, ঝুঁকিতে ২০০ ঘাঁটি
মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এই ঘটনার ফলে বাহিনীর অনেক সংবেদনশীল, কৌশলগত, কর্মীসংক্রান্ত এবং লজিস্টিক বা সরবরাহ সংক্রান্ত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

সূত্রগুলোর মধ্যে দুজন জানিয়েছেন, প্রায় মাসখানেক আগে সিস্টেম আপগ্রেডের কাজ চলাকালীন ‘ক্লাউড ওয়ান’ নামের এই প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এর ফলে পুরো প্ল্যাটফর্মজুড়ে কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। তবে হ্যাকারদের পরিচয়, কিংবা কোনও তথ্য চুরি হয়েছে কি না—রয়টার্স সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, তারা ‘নির্দিষ্ট কোনও নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা অবস্থান, দুর্বলতা কিংবা পরিচালন পরিস্থিতি নিয়ে মন্তব্য করে না। বিমান বাহিনীর তথ্য, সিস্টেম এবং মিশন সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিরবচ্ছিন্নভাবে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করি’।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘ক্লাউড ওয়ান’ মূলত মার্কিন বিমান বাহিনীর তথ্যপ্রযুক্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের ‘ওয়ান-স্টপ শপ’ হিসেবে তৈরি করা হয়েছিল। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল এবং অ্যালফাবেট—এই চারটি প্রযুক্তি প্রতিষ্ঠানের রিসোর্স সমন্বয় করে গঠিত এই প্ল্যাটফর্মটি কয়েক ডজন অ্যাপ্লিকেশন পরিচালনা করে। এর মধ্যে কর্মীদের ব্যক্তিগত তথ্য ও বেতন ব্যবস্থাপনা এবং লজিস্টিক ও রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন রয়েছে।

এ ছাড়া এই প্ল্যাটফর্মের অধীনে রয়েছে বিমান বাহিনীর ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা, যা উত্তর আমেরিকাজুড়ে থাকা আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য তথ্য সমন্বয় করে। পাশাপাশি ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’-ও এর অন্তর্ভুক্ত, যা বিশ্বের ২০০টিরও বেশি মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখে।

সূত্রগুলোর মধ্যে দুজনের মতে, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বৃহৎ ক্লাউড প্ল্যাটফর্ম। তাদের একজন বলেন, ‘এখানে অনুপ্রবেশ ঘটাটা অত্যন্ত গুরুতর একটি বিষয়।’

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা ‘সাইবার কমান্ড’-কে তদন্তকারীরা তলব করেছে বলে জানিয়েছে একটি সূত্র। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাইবার কমান্ড সাড়া দেয়নি।





কমেন্ট বক্স