জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত প্রায় ১২টায় আইসিইউ থেকে প্যালেটিভ কেয়ারে স্থানান্তর করার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী মাতিয়া বানু শুকু দেশের নাট্যাঙ্গন ও চলচ্চিত্রে এক অনন্য ও সৃষ্টিশীল নাম। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি জটিলতার সাথে লড়াই করছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘গোল্লাছুট’-এর মতো সমাদৃত টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।
মৃত্যুকালে তিনি স্বামী নুরুল আলম আতিক ছাড়াও দুই ছেলে শান্তি ও সাধু এবং এক মেয়ে অগ্নিকে রেখে গেছেন।