রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক ঘটনায় তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবেদ আলী উচ্চ বিদ্যালয় ও ইস্টার্ন প্লাজার সামনে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক রাতে জানান, ইস্টার্ন প্লাজার সামনে বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারীর আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, ওই সময় বিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।