ঢাকার আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ ঘটনা ঘটে। আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সড়কের পাশে পার্কিং করে রাখা বাস দুটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।