মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এতে দেশটির সামরিক বাহিনীর স্পর্শকাতর কৌশলগত তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য এবং সরবরাহ ব্যবস্থাসংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য ঝুঁকির মুখে পড়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর দুজনের বরাতে রয়টার্স জানায়, প্রায় এক মাস ধরে সিস্টেমটির উন্নয়নকাজ চলার সময় এই অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হয়। এরপর পুরো প্ল্যাটফর্মের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তবে হ্যাকাররা কারা, তারা কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে কিংবা কোনো তথ্য চুরি করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা পরিচালনাব্যবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে দপ্তরের তথ্য, ব্যবস্থা ও সামরিক অভিযানের সক্ষমতা সুরক্ষিত রাখতে সব সময় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’-এর মূল উদ্দেশ্য ছিল মার্কিন বিমানবাহিনীর সব ধরনের তথ্যপ্রযুক্তিগত চাহিদা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে পূরণ করা। এতে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের ক্লাউড সেবা একীভূত করা হয়েছে।
এই প্ল্যাটফর্মে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, বেতন, সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।
এর মধ্যে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এটি উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ বিভিন্ন তথ্য একত্র করে। পাশাপাশি ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’-এর মাধ্যমে বিশ্বজুড়ে মার্কিন বিমানবাহিনীর দুই শতাধিক ঘাঁটিতে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।
২০২৬ সাল পর্যন্ত ‘ক্লাউড ওয়ান’-এর প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। এরপর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এসএআইসি সাড়া দেয়নি। অন্যদিকে লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
সূত্রগুলোর দুজনের মতে, ‘ক্লাউড ওয়ান’ মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। একজন সূত্র ঘটনাটিকে বড় ধরনের নিরাপত্তা বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন।
একটি সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার ইউনিট ‘সাইবার কমান্ড’-এর সহায়তা নিয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্য করেনি সাইবার কমান্ড।
সাইবার অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পর থেকে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। সূত্রগুলোর দুজন এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেকজনের তথ্য অনুযায়ী, দাপ্তরিক কাজে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো ‘ক্লাউড ওয়ান’-এ স্থানান্তরের উদ্যোগ আপাতত স্থগিত রাখা হয়েছে।
পাশাপাশি আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ রয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন সফটওয়্যার ত্রুটি শনাক্ত হওয়ার পরও সেগুলো সংশোধনের কাজ ব্যাহত হচ্ছে।
পঞ্চম একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় কিছু ব্যবহারকারীর প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটর ক্ষমতাও বাতিল করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পাঁচটি সূত্রই রয়টার্সের সঙ্গে কথা বলেছেন।
একটি সূত্রের দাবি, হ্যাকাররা একটি সফটওয়্যার ত্রুটিকে কাজে লাগিয়ে সিস্টেমের ‘কন্ট্রোল প্লেন’ বা মূল নিয়ন্ত্রণ অংশে প্রবেশ করেছিলেন। এই অংশকে একটি ইউনিভার্সাল রিমোটের সঙ্গে তুলনা করেছেন ওই সূত্র। এর মাধ্যমে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের পরিবহনসংক্রান্ত তথ্য দেখার সুযোগ তৈরি হতে পারে। তবে অনুপ্রবেশকারীরা বাস্তবে এমন কোনো তথ্য দেখতে পেরেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যার ত্রুটিকে কাজে লাগিয়েছেন, সেটিও শনাক্ত করতে পারেনি রয়টার্স।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই সর্বশেষ এ ঘটনা সামনে এসেছে। বিশেষ করে ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের দুর্বলতা শনাক্ত করতে এআই মডেল দ্রুত কাজ করতে সক্ষম হওয়ায় নিরাপত্তাঝুঁকি আরও বাড়ছে।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সরকার অন্তত ছয়টি সাইবার নিরাপত্তা ঘটনার মোকাবিলা করছে। এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি ঘটনা, পেন্টাগনের তথ্য হ্যাক, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থায় অনুপ্রবেশ এবং অর্থ বিভাগে সাইবার হামলা।
তবে ‘ক্লাউড ওয়ান’ দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল। ২০২৩ সালে অনলাইন সংবাদমাধ্যম ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছিলেন, এতে অনুপ্রবেশের বিপুলসংখ্যক চেষ্টা শতভাগ সফলতার সঙ্গে প্রতিহত করা হয়েছে।
তখন কর্মকর্তারা বলেছিলেন, নিরাপত্তার প্রশ্নে ভুল করার কোনো সুযোগ নেই।