চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ ঘটনায় তাঁর স্বামীকে পলাতক দেখানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৩টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামুশা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল চামুশা এলাকার মো. শাকিউল হকের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে শাকিউল হক (৩৯) পালিয়ে যান। তবে তাঁর স্ত্রী মোছা. মাহিরন বেগমকে (৩৯) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার নারীর স্বীকারোক্তি ও দেখানো মতে বসতবাড়ির শয়নকক্ষে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রী পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা করে আসছিলেন।
গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।