ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চায়ের মান উন্নয়নে চাষি ও কারখানা মালিকদের কর্মশালা

জেলা প্রতিনিধি
১০ মিনিট আগে
পঞ্চগড়ে চায়ের মান উন্নয়নে চাষি ও কারখানা মালিকদের কর্মশালা
পঞ্চগড়ে চা চাষিদের সম্মেলন, চাষিদের মিলনমেলা ও কারখানা মালিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে চা বাগান মালিক সমিতির আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে চা চাষি ও বাগান/কারখানা মালিকদের নিয়ে আলোচনা সভা এবং চায়ের গুণগত মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, "চা পঞ্চগড়ের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না; সার সরবরাহে সরকার বর্তমানে খুবই আন্তরিক। নভেম্বর মাসে আরও ৬ হাজার মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে এবং সারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।"

তিনি আরও বলেন, "চা খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত পদ্ধতি চালু করতে হবে এবং চা রপ্তানিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে, যাতে চায়ের গুণগত মান ভালো থাকে। দুটি পাতা একটি কুঁড়ি দিয়ে চা তৈরি করলে চায়ের মান বৃদ্ধি পাবে। আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে; চায়ের মান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।" পঞ্চগড়ের চা যেন বিশ্ব বাজারে স্থান পায়, সে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা আমির হোসেন এবং চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক। এ ছাড়া চা চাষি, চা কারখানার মালিকসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।





কমেন্ট বক্স